জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না


Rastrerkotha প্রকাশের সময় : ১৩/০৮/২০২৫, ৮:০৯ পূর্বাহ্ণ /
জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না
8

অনলাইন ডেস্ক:

বাস্তবায়নের ৯ দফা সুপারিশসহ জুলাই জাতীয় সনদের সমন্বিত খসড়া আজ বুধবার রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হচ্ছে। জাতীয় ঐকমত্য কমিশনের খসড়ায় বলা হয়েছে-সনদের বৈধতা আদালতে চ্যালেঞ্জ করা যাবে না এবং কোনো বিধান সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হলেও সনদকে প্রাধান্য দিতে হবে।

সনদে আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো নির্বাচনের আগেই বর্তমান সরকারের সময়ে কার্যকর করার কথা বলা হয়েছে। খসড়ায় গণঅভ্যুত্থানের পটভূমি, সংস্কার কমিশন গঠনের প্রক্রিয়া, দুই ধাপের সংলাপের সিদ্ধান্ত এবং সনদ বাস্তবায়নের ৯ দফা অঙ্গীকারনামা অন্তর্ভুক্ত রয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, ভাষা ও শব্দ যাচাই শেষে দলগুলোর কাছে খসড়া পাঠানো হচ্ছে। এতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, গণঅভ্যুত্থানের রাষ্ট্রীয় স্বীকৃতি, শহীদদের মর্যাদা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের অঙ্গীকার রয়েছে।

খসড়ায় আরও বলা হয়েছে-সনদের কোনো নীতি বা সিদ্ধান্ত সংবিধান বা বিদ্যমান আইনের সঙ্গে সাংঘর্ষিক হলেও সনদ কার্যকর থাকবে। সনদ বাস্তবায়নে প্রয়োজনীয় সংবিধান সংশোধন, নতুন আইন প্রণয়ন ও বিদ্যমান আইন পরিবর্তনেরও প্রস্তাব আছে।

এদিকে, সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে কমিশন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে এবং ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়েছে। আগামী সপ্তাহে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের সংলাপে বসবে কমিশন।