২৮টি পদের মধ্যে ২৩টিই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দখলে


Rastrerkotha প্রকাশের সময় : ১০/০৯/২০২৫, ৩:৩৬ অপরাহ্ণ /
২৮টি পদের মধ্যে ২৩টিই শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের দখলে
4

রাষ্ট্রের কথা ডেস্ক 

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে তারা বিজয়ী হয়েছে।

বাকি ৫ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীরা। এর মধ্যে সমাজসেবা সম্পাদক পদে যুবাইর বিন নেছারী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সানজিদা আহমেদ তন্বী এবং সদস্য পদে জয়ী হয়েছেন হেমা চাকমা ও উম্মু উসউয়াতুন রাফিয়া।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাবির সিনেট ভবনে প্রধান নির্বাচন কমিশনার ড. মোহাম্মদ জসীম উদ্দিন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

শীর্ষ পদগুলোতে শিবিরের আধিপত্য

ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) ১৪ হাজার ৪২ ভোট পেয়ে বিপুল ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫ হাজার ৭০৮ ভোট।

জিএস পদে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের এসএম ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোটে বিজয়ী হয়েছেন। প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা তানভীর বারী হামীম পান ৫ হাজার ২৮৩ ভোট।

এজিএস পদে শিবির সমর্থিত প্রার্থী মুহা. মহিউদ্দীন খান জয়ী হয়েছেন ১১ হাজার ৭৭২ ভোটে।

গুরুত্বপূর্ণ সম্পাদক পদে জয়

  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতেমা তাসনিম জুমা (১০,৬৩১ ভোট)
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার (৭,৮৩৩ ভোট)
  • আন্তর্জাতিক সম্পাদক: খান জসিম (৯,৭০৬ ভোট)
  • মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া (১১,৭৪৭ ভোট)
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম (৯,৩৪৪ ভোট)
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: এমএম আল মিনহাজ (৭,০৩৮ ভোট)
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসাইন (৭,২৫৫ ভোট)
  • ছাত্র পরিবহণ সম্পাদক: আসিফ আবদুল্লাহ (৯,০৬১ ভোট)
  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে ছালমা (৯,৯২০ ভোট)

ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের হয়ে সদস্য নির্বাচিত হয়েছেন, সাবিকুন্নাহার তামান্না (১০,০৪৮ ভোট), সর্বমিত্র (৮,৯৮৮ ভোট), আনাস ইবনে মুনির (৫,০১৫ ভোট), ইমরান হোসেন (৬,২৫৬ ভোট), তাজিনুর রহমান (৫,৬৯০ ভোট), মেফতাহুল হোসেন আল মারুফ (৫,০১৫ ভোট), বেলাল হোসাইন অপু খান (৪,৮৬৫ ভোট), রাইসুল ইসলাম (৪,৫৩৫ ভোট), মো. শাহিনুর রহমান (৪,৩৯০ ভোট), মোছা. আফসানা আক্তার (৫,৭৪৭ ভোট) এবং রায়হান উদ্দীন (৫,০৮২ ভোট)।

ডাকসুর ইতিহাসে দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিপুল বিজয় শিক্ষাঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে।