সীমান্তে চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনে লাগাম টানছে ৩৯ বিজিবি


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১০/২০২৫, ৯:৫৫ অপরাহ্ণ /
সীমান্তে চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনে লাগাম টানছে ৩৯ বিজিবি
81

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ বালু উত্তোলনের মতো অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। সীমান্ত নিরাপত্তা জোরদার ও সরকারি সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান, ২৪ ঘণ্টা টহল এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে বাহিনীটি।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে শেরপুরের ব্রহ্মপুত্র নদীর তীরে বিজিবির মাল্টিপারপাস সেড সংলগ্ন এলাকায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মেহেদী হাসান।

লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “সম্প্রতি শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে কিছু অসাধু চক্র অবৈধভাবে বালু উত্তোলন ও চোরাচালানের মাধ্যমে সরকারি সম্পদের ক্ষতি করছে। এসব অনিয়ম রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা টহল জোরদার করা হয়েছে।”

তিনি আরও বলেন, “বিজিবির মূল দায়িত্ব চোরাচালান প্রতিরোধ হলেও জনগণের দাবি ও প্রশাসনের নির্দেশে অবৈধ বালু উত্তোলন বন্ধেও আমরা কার্যকর ভূমিকা রাখছি। ইতিমধ্যে ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে একাধিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করা হয়েছে।”

লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “অবৈধ বালু উত্তোলনের ফলে সীমান্ত অঞ্চলের নদীভাঙন, ভূমিক্ষয় ও পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এতে কৃষিজমির ক্ষতি এবং বন্যার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। এসব ঝুঁকি মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।”

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ২০২৫ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে বিজিবি ২৭ লাখ ৯০ হাজার টাকার বিভিন্ন অবৈধ পণ্য জব্দ করেছে। চলমান অভিযানে সীমান্ত এলাকার একাধিক চোরাচালানপথও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজিবি অধিনায়ক বলেন, “আমাদের লক্ষ্য সীমান্তকে নিরাপদ রাখা ও জনগণের সম্পদ সুরক্ষিত করা। এজন্য স্থানীয় জনগণকেও এসব অবৈধ কার্যক্রম প্রতিরোধে পাশে দাঁড়াতে হবে।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠকের মাধ্যমে সীমান্তের আইন-শৃঙ্খলা রক্ষা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে করণীয় নির্ধারণ করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে ৩৯ বিজিবির বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।