সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান, পুলিশের হাতে ৪৮৯ বোতল ভারতীয় মদ


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/১১/২০২৫, ৮:০২ পূর্বাহ্ণ /
সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান, পুলিশের হাতে ৪৮৯ বোতল ভারতীয় মদ
70

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেঁষা নলকুড়া ইউনিয়নের গুমড়া গ্রামে কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত মহরম আলীর ছেলে মাজাহারুলের বসতবাড়িতে বিশেষ অভিযান চালিয়ে ৪৮৯ বোতল আমদানিনিষিদ্ধ ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।

শুক্রবার (১৪ নভেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, অভিযানে নেতৃত্ব দেন এসআই শামছুল হক ও এসআই শফিউল্লাহ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাজাহারুল পালিয়ে গেলেও তার বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের এই বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত পথ ব্যবহার করে ভারতীয় মদ এনে এলাকায় সরবরাহ করছিলেন মাজাহারুল। তার বিরুদ্ধে আগে থেকেই অর্ধ-ডজনের বেশি মাদক মামলা বিচারাধীন রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

ওসি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে।