
নিজস্ব সংবাদদাতাঃ
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার যেন সিরাজ সিকদারের হত্যার মতো ঝুলে না থাকে এ দাবি জানিয়েছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)এর প্রধান সংগঠক নাঈম আহমাদ।
শুক্রবার সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে সিরাজ সিকদারের হত্যা দিবস উপলক্ষে আয়োজিত ‘সিরাজ সিকদার: রাষ্ট্র, ভিন্নমত ও হত্যার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাঈম আহমাদ অভিযোগ করে বলেন, ভারতে পালাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার শাসন টিকিয়ে রাখতে অসংখ্য হত্যা ও দমন-নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন। তার পিতা শেখ মুজিবুর রহমানও বাকশালী শাসন বজায় রাখতে গুম, খুন ও ক্রসফায়ারের পথ গ্রহণ করেছিলেন বলেও দাবি করেন তিনি। বিদেশে অবস্থান করে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় যে ধরনের বক্তব্য দিচ্ছেন, তা হত্যার রাজনীতিরই প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “১৯৭৫ সালের ২ জানুয়ারি সর্বহারা পার্টির নেতা বিপ্লবী সিরাজ সিকদার শেখ মুজিব সরকারের নিরাপত্তা বাহিনীর হাতে হত্যার শিকার হন। এটি ছিল স্বাধীন বাংলাদেশে হেফাজতে প্রথম আলোচিত হত্যাকাণ্ড ও কথিত ‘ক্রসফায়ার’।”
তার দাবি, রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ভিন্নমত দমন এবং দিল্লির প্রশ্রয়ে সন্ত্রাসী তৎপরতা এই দুই ভিত্তির ওপরই শেখ পরিবারের রাজনৈতিক টিকে থাকা নির্ভর করেছে। এর ফলে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ তার সম্ভাব্য শক্তি ও মর্যাদায় পৌঁছাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে নাঈম আহমাদ বলেন, “সজীব ওয়াজেদ জয় ও আওয়ামী লীগ যেন আবারও দেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে সে বিষয়ে জনগণকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন দলের ব্যানারে আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনে অংশ নিতে চাইছে, তাদের প্রতিহত করতে হবে।”
তিনি আরও দাবি করেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের পরিকল্পনায় সজীব ওয়াজেদ জয়ের সংশ্লিষ্টতা থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, সিরাজ সিকদারের হত্যার বিচার যেমন হয়নি, তেমনি হাদি হত্যার বিচারও যেন অনির্দিষ্টকালের জন্য স্থগিত না থাকে এ বিষয়ে দেশপ্রেমিক জনগণকে সজাগ থাকতে হবে।
আলোচনা সভাটি সঞ্চালনা করেন আপ বাংলাদেশের মুখপাত্র শাহরীন সুলতানা ইরা। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মুহাম্মদ জসিম উদ্দিন, কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক মো. আহছান উল্লাহ ও তৌসিব মাহমুদ সোহান, প্রচার ও জনসংযোগ কমিটির সদস্য মো. ইমরান হোসেন প্রমুখ।
আপনার মতামত লিখুন :