সরকারের সব কার্ড ব্যর্থ হলে লাল কার্ড দেখানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/০৫/২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ণ /
সরকারের সব কার্ড ব্যর্থ হলে লাল কার্ড দেখানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
33

অনলাইন ডেস্কঃ

সরকারের বিভিন্ন নীতি ও জনসেবার কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সরকারের দেওয়া নানা কার্ড ও প্রতিশ্রুতি ব্যর্থ হলে জনগণই একসময় সরকারকে ‘লাল কার্ড’ দেখাবে।

বুধবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে কৃষি সেল আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বাজারে নানা ধরনের কার্ড থাকলেও কৃষকরা প্রকৃত সুবিধা পাচ্ছে কি না, সেটাই এখন বড় প্রশ্ন। শুধু কার্ড হাতে ধরিয়ে দিলেই দায়িত্ব শেষ হয় না। প্রান্তিক মানুষের কাছে সেবার কার্যকারিতা পৌঁছাচ্ছে কি না, সেটাও দেখতে হবে।”

তিনি সীমান্ত পরিস্থিতি ও আঞ্চলিক রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, ভারতের পশ্চিমবঙ্গের নতুন সরকার বাংলাদেশের সীমান্ত এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা উসকে দেওয়ার চেষ্টা করছে। এ ধরনের যেকোনো উসকানি প্রতিহত করতে সরকারকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

নাসীরুদ্দীন বলেন, “সীমান্তের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কোনো ধরনের দাঙ্গা বা অস্থিতিশীলতা সৃষ্টি করতে দেওয়া হবে না।”

সেমিনারে দেশের কৃষি পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরেন একুশে পদকপ্রাপ্ত কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে দেশে ৫ থেকে ৭ শতাংশ বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ভবিষ্যতে খাদ্য সংকট ও মূল্যস্ফীতি আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তিনি বলেন, কৃষি খাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ না করলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। একই সঙ্গে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, দেশের মোট বাজেটের অন্তত ১০ শতাংশ কৃষিতে বরাদ্দ দেওয়া উচিত।
কৃষকদের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে একটি স্বতন্ত্র ‘প্রাইস কমিশন’ গঠনের দাবিও জানান তিনি।

সেমিনারে এনসিপির কেন্দ্রীয় নেতা মাহফুজ সাদি-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।