রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ জামায়াতের সেক্রেটারি জেনারেলের


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/০১/২০২৬, ১০:১০ অপরাহ্ণ /
রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে উদ্বেগ প্রকাশ জামায়াতের সেক্রেটারি জেনারেলের
43

নিজস্ব সংবাদদাতাঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং অফিসারের আচরণে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ বিষয়ে তিনি শুক্রবার (৪ জানুয়ারি) এক লিখিত বিবৃতি প্রদান করেন।

বিবৃতিতে তিনি বলেন, সারা দেশে বিভিন্ন আসনে এমপি পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। কিন্তু এ প্রক্রিয়ায় অনেক জেলার রিটার্নিং অফিসারদের কর্মকাণ্ডে ভিন্ন ভিন্ন চিত্র পরিলক্ষিত হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে তুচ্ছ কারণ দেখিয়ে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে, যা উদ্বেগজনক। এমনকি যেসব ক্ষেত্রে ব্যক্তিগত ইখতিয়ারের ভিত্তিতে সিদ্ধান্ত শিথিল করার সুযোগ ছিল সেসব ক্ষেত্রেও কঠোর নীতি অনুসরণ করা হয়েছে।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, কিছু রিটার্নিং অফিসার উদ্দেশ্যমূলকভাবে বাড়াবাড়ি করে অনেক যোগ্য প্রার্থীর প্রার্থিতা বাতিল করেছেন। তথ্য-প্রমাণ ও কাগজপত্র দাখিল করার পরও অপ্রয়োজনীয় ও আইনের দৃষ্টিতে গুরুত্বহীন বিষয় ধরে প্রার্থিতা বাতিল করা মোটেও সমীচীন হয়নি বলেও মন্তব্য করেন তিনি। তার দাবি, একটি মহলের প্রভাবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে তাদের কাছে প্রতীয়মান হচ্ছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে চলতে থাকলে জাতীয় সংসদ নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও স্বচ্ছ হবে কিনা তা নিয়ে দেশবাসীর মনে বড় প্রশ্ন তৈরি হয়েছে। তাই তুচ্ছ কারণ দেখিয়ে প্রার্থিতা বাতিল না করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের প্রতি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি। একই সঙ্গে যাদের প্রার্থিতা তুচ্ছ অজুহাতে বাতিল করা হয়েছে, তা অবিলম্বে বৈধ ঘোষণা করারও দাবি জানান।

বিবৃতির শেষে তিনি নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রতি সকল প্রার্থীর জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করে নির্বাচনের মাঠ সমতল রাখার আহ্বান জানান।