
রাজশাহী সংবাদদাতাঃ
রাজশাহীর তানোরে অরক্ষিত গভীর নলকূপের গর্তে পড়ে দুই বছরের শিশু সাজিদের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে তানোর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন) লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টায় শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিলে চিকিৎসকরা জানান, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
এর আগে বুধবার দুপুরে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাজিদ তার মা ও ভাইকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জমি পার হচ্ছিল। খড় দিয়ে ঢাকা ওই জমিতেই ছিল একটি পরিত্যক্ত ও অরক্ষিত গভীর নলকূপের গর্ত। হাঁটার একপর্যায়ে হঠাৎ সাজিদ নিচে পড়ে যায়। ‘মা মা’ চিৎকার শুনে তার মা খড় সরিয়ে দেখেন, নিচে রয়েছে খোলা মৃত্যুকূপ।
স্থানীয়দের অভিযোগ, গত বছর এক ব্যক্তি এখানে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা করেছিলেন। ১২০ ফুট পর্যন্ত খনন করেও পানি না পাওয়ায় পাইপটি পরিত্যক্ত অবস্থায় মুখ খোলা রেখেই ফেলে রাখা হয়। বৃষ্টি ও অবহেলায় গর্তটির মুখ আরও বড় হয়; কোনো সতর্কতা বা ঢাকনা না থাকায় শেষ পর্যন্ত ঘটে এ দুর্ঘটনা।
আপনার মতামত লিখুন :