ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/১০/২০২৫, ৭:৩৫ অপরাহ্ণ /
ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ জেলা শেরপুর, শ্রেষ্ঠ পুলিশ সুপার আমিনুল ইসলাম

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

ময়মনসিংহ রেঞ্জের সেপ্টেম্বর-২০২৫ মাসের কর্মমূল্যায়নে “শ্রেষ্ঠ জেলা” ও “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে স্বীকৃতি পেয়েছে শেরপুর জেলা পুলিশ। জেলা পুলিশের নেতৃত্বে থাকা পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম অর্জন করেছেন “শ্রেষ্ঠ পুলিশ সুপার” এর সম্মাননা।

গত বুধবার (২৯ অক্টোবর) সকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে সেপ্টেম্বর মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রেঞ্জভুক্ত সব জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অভিযানিক সাফল্য, জনসন্তুষ্টি ও অন্যান্য মানদণ্ডের ভিত্তিতে কর্মমূল্যায়ন করা হয়।

মূল্যায়নে শেরপুর জেলা সর্বোচ্চ সাফল্য অর্জন করে “শ্রেষ্ঠ জেলা” এবং পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম “শ্রেষ্ঠ পুলিশ সুপার” হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন।

অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ও রেঞ্জভুক্ত জেলার পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন।

রেঞ্জ ডিআইজি কর্তৃক প্রদত্ত এই সম্মাননা শেরপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যকে আরও দায়িত্বশীলতা, পেশাদারিত্ব ও জনসেবায় অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।