ভোলাহাটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান: অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু


Rastrerkotha প্রকাশের সময় : ২৯/০৯/২০২৫, ১০:০১ অপরাহ্ণ /
ভোলাহাটে পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান: অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু
6

সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলাহাট উপজেলায় পূজা মণ্ডপকে আনন্দময় ও নিরাপদ রাখতে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ও জেলা বিএনপির উদ্যোগে তিনি স্থানীয় পূজা মণ্ডপগুলো পরিদর্শন করেন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরিদর্শনকালে অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টু বলেন, “প্রতি বছরের ন্যায় আমরা এইবারও পূজা মণ্ডপে সামান্য উপহার প্রদান করেছি। আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষদের পাশে সর্বক্ষণ আছি। ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে। দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আমরা সব ধরনের সহযোগিতা দেব। প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।”

তিনি আরও যোগ করেন, “ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আমাদের অঙ্গীকার। কোনোভাবেই এই সম্প্রীতি নষ্ট হতে দেওয়া হবে না। আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব।”

এ সময় ভোলাহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক খিজির হায়াৎ, রহনপুর পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাদিকুল ইসলাম, রহনপুর পৌর বিএনপি সদস্য সচিব ইসমাইল হোসেন, আলিনগর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম গাজী, বিএনপি নেতা শেখ জামির-উল ইসলাম বিপ্লব, সাজ্জাদ আলী, আরমান আলী, মিজান, সেরাজুল ইসলাম, শফিকুল ইসলাম, যুবনেতা রবিউল ইসলাম, জুয়েল আলী, হাসান আলীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পরিদর্শনের শেষে ফিরতি পথে বোয়ালিয়া ইউনিয়নে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।