বাঘায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ২৬/১১/২০২৫, ৬:০৭ অপরাহ্ণ /
বাঘায় জোরপূর্বক দোকানঘর দখলের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
66

রাজশাহী সংবাদদাতা:

রাজশাহীর বাঘায় সরকারি লিজকৃত দোকানঘর জোরপূর্বক দখলের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সোহেল রানা ও তার পরিবার।

বুধবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে চন্ডিপুর বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সোহেল রানা জানান, বাঘা উপজেলার চন্ডিপুর বাজারের ৩৩/XII/১৮-১৯ নং দোকানটি তিনি গত ৩০ অক্টোবর পূর্বের দখলকারী শ্রী নির্মল কুমার মন্ডলের কাছ থেকে মালিকানা হস্তান্তরের মাধ্যমে গ্রহণ করেন। লাইসেন্স পরিবর্তন প্রক্রিয়া চলমান থাকা অবস্থায় একদল প্রভাবশালী ব্যক্তি দোকানের দখল নিয়ে ক্ষুব্ধ হয়।

তিনি অভিযোগ করেন, বাজু বাঘার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এডভোকেট ফিরোজ আহমেদ রঞ্জু, সাহার আলী মেম্বার, আলমগীর মেম্বার, আনছার আলী, ফরিদ আলী, জাম্বার আলী, লিটন আলী, হাবিবুর রহমান বিটুল ও শরিফুল ইসলামসহ কয়েকজন মিলে কিছুদিন আগে তালা ভেঙে দোকানঘর দখল করে নেয়। এতে তার আর্থিক ক্ষতি ও মানহানি হয়েছে বলেও দাবি করেন তিনি।

ঘটনার পর আইনি সহায়তা চেয়ে তিনি ২৪ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি অভিযোগ দাখিল করেন। তবে প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাননি বলে অভিযোগ করেন সোহেল রানা।

পূর্বের মালিক শ্রী নির্মল কুমার মন্ডল বলেন, “আমি লিখিতভাবে সোহেলের কাছে দোকানের মালিকানা হস্তান্তর করেছি। সোহেল ছাড়া অন্য কারো কাছে আমি ঘরের মালিকানা দিইনি। অন্য কেউ দাবি করলে তা মিথ্যা।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার বলেন, “অভিযোগের বিষয়ে আমার জানা নেই।”