বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনীতি ফিরছে: শিবির সভাপতি জাহিদুল ইসলাম 


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/১০/২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ণ /
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে সুস্থ রাজনীতি ফিরছে: শিবির সভাপতি জাহিদুল ইসলাম 
35

মেহেরপুর জেলা সংবাদদাতা:

মেহেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে উপশাখা প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে দাওয়াতুল ইসলাম ট্রাস্ট জামে মসজিদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুস সালাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর-মুজিবনগর (১) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান, কেন্দ্রীয় শিক্ষা ও ব্যবসায়িক সম্পাদক গোলাম জাকারিয়া, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা এবং পৌর আমীর ও সাবেক জেলা সভাপতি সোহেল রানা (ডলার)।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি সাইদুর রহমান।

কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সমাবেশে বলেন, “বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ৫ জুলাই থেকে সুস্থ ধারার রাজনীতি শুরু হয়েছে। ইসলামী ছাত্রশিবির দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকে এবং সৎ ও খোদাভিরু নেতৃত্ব গড়তে কাজ করছে।”

তিনি আরও বলেন, “শিবির ছাত্রদের মধ্যে কোরআন-হাদিস, ইসলামী সাহিত্য ও দেশ গড়ার কাজে প্রশিক্ষণ প্রদান করে। দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে প্রতিটি ছাত্রকে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র গঠন পর্যন্ত নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।”

সভায় সভাপতির বক্তব্যে জুলাই আন্দোলনে শিবিরের ভূমিকার কথাও তুলে ধরেন জাহিদুল ইসলাম, “জুলাই বিপ্লবে ইসলামী ছাত্রশিবিরের সর্বোচ্চ অগ্রণী ভূমিকা ছিল, যা দেশ ও বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। স্বৈরাচার সরকার পতিত হয়েছে, কিন্তু এখনো তাদের দোসররা ক্ষমতায় রয়েছে।”