বঙ্গোপসাগরে ইলিশের জোয়ার, মুখরিত কুয়াকাটা-আলীপুর-মহিপুর


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/০৮/২০২৫, ১২:৩৭ অপরাহ্ণ /
বঙ্গোপসাগরে ইলিশের জোয়ার, মুখরিত কুয়াকাটা-আলীপুর-মহিপুর
77

পটুয়াখালী সংবাদদাতা:

বঙ্গোপসাগরের গভীর জলরাশিতে শুরু হয়েছে রুপালি ইলিশের সোনালি মৌসুম। জেলেরা জানাচ্ছেন, জাল ফেললেই উঠছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ফলে দক্ষিণাঞ্চলের প্রধান মৎস্য অবতরণ কেন্দ্রগুলো— কুয়াকাটা, আলীপুর ও মহিপুরে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।

গত দুই দিনে এসব ঘাটে বিক্রি হয়েছে হাজার মণ ইলিশ। দীর্ঘদিন পর এমন ব্যাপক সরবরাহে খুশি জেলে, ট্রলার মালিক, আড়তদার ও পাইকাররা। মাছঘাটগুলোতে জমে উঠেছে লেনদেন, আবারও সরব হয়ে উঠেছে উপকূলীয় অর্থনীতি।

ব্যবসায়ীদের তথ্যমতে, প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ টন ইলিশ সরবরাহ হচ্ছে স্থানীয় মোকামগুলোতে। বাজারে ছোট আকারের ইলিশ প্রতি মণ বিক্রি হচ্ছে প্রায় ৩০ হাজার টাকায়। তবে বড় সাইজের ইলিশের দাম এখনও কিছুটা চড়া, তবে চাহিদাও তুঙ্গে।

স্থানীয় জেলেরা বলছেন, এবার সাগরে মাছের দেখা মিলছে অনেক বেশি। আবহাওয়া অনুকূলে থাকলে মৌসুমজুড়ে এমন ধরা অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

এই সাফল্যে উপকূলজুড়ে ফিরে এসেছে স্বস্তির নিঃশ্বাস। ইলিশ মৌসুমকে ঘিরে কর্মসংস্থান যেমন বেড়েছে, তেমনি জেলেপাড়ায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।