
চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ভুয়া আইডিতে হুমকির অভিযোগে জলঢাকায় সাধারণ ছাত্র ও জনতার প্রতিবাদ
জাহিদুল ইসলাম জাহিদ, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর জলঢাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়ক রেজাউল করিম রাজুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা চত্বরে ‘সাধারণ ছাত্র ও জনতা’ ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জুলাই যোদ্ধা মনিরুজ্জামান মিঠু। তিনি বলেন, রেজাউল করিম রাজুর অপকর্ম ও দলীয় অনিয়মের কারণে এনসিপির উপজেলা কমিটির সাতজন নেতা সম্প্রতি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, রেজাউল করিম রাজু অতীতে ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর ছিলেন। কিন্তু ৫ আগস্টের পর টাকার প্রভাব ও রাজনৈতিক যোগাযোগের জোরে এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কের পদে বসেন। এরপর থেকেই তিনি এনসিপির নাম ব্যবহার করে জলঢাকায় চাঁদাবাজি, টেন্ডারবাজি ও ছাত্রলীগের বিতর্কিত কর্মীদের পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছেন বলে অভিযোগ করা হয়।
বক্তারা আরও অভিযোগ করেন, রাজু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া (বট) আইডি ব্যবহার করে সাধারণ ছাত্র ও জনতাকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন। এতে এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা এসব কর্মকাণ্ডের দ্রুত প্রতিকার ও রেজাউল করিম রাজুসহ তার সহযোগীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
আপনার মতামত লিখুন :