পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, শেরপুরে চার বোনের সংবাদ সম্মেলন


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০৪/২০২৬, ৯:৩৭ অপরাহ্ণ /
পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগ, শেরপুরে চার বোনের সংবাদ সম্মেলন
57

শেরপুর সংবাদদাতাঃ

শেরপুর জেলার সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের মির্জাপুর এলাকায় পৈত্রিক সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন চার বোন।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে নিজ বাড়ির আঙিনায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে তারা স্থানীয় তিন ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মরিয়ম আক্তার মৌসুমি। তিনি বলেন, একই এলাকার আবু, সোহাগ ও রনি নামের তিন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা করছে। কোনো ভাই না থাকার সুযোগ নিয়ে অভিযুক্তরা তাদের ওপর চাপ সৃষ্টি করছে এবং জমি থেকে উচ্ছেদের চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলমান রয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পূর্বে অগ্নিসংযোগসহ একাধিক মামলা দায়ের করা হলেও তারা জামিনে মুক্ত হয়ে পুনরায় তাদের ওপর নির্যাতন ও হয়রানি শুরু করেছে। এমনকি রাতের অন্ধকারে প্রাণনাশের হুমকিও দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

ভুক্তভোগীরা জানান, তাদের পিতা একজন শিক্ষক ছিলেন। পিতার মৃত্যুর পর অভিভাবকহীন অবস্থার সুযোগ নিয়ে অভিযুক্তরা তাদের জিম্মি করে রেখে মানসিকভাবে চাপে রাখছে এবং নানাভাবে হয়রানি করছে।

এ পরিস্থিতিতে কোনো উপায় না পেয়ে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন। বক্তব্য দেওয়ার সময় চার বোনই কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিতদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।