পাঁচবিবিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১১/২০২৫, ৬:৫৩ অপরাহ্ণ /
পাঁচবিবিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের লাশ উদ্ধার
29

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে গলায় কাপড়ের ফাঁস দেওয়া অবস্থায় আরাফাত হোসেন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোরে এমরানের ধানক্ষেতের পাশে একটি ঘোড়া নিমগাছে স্থানীয়রা প্রথম লাশটি দেখতে পায়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আরাফাত ওই গ্রামের মোঃ আফসার আলীর ছেলে এবং ঢাকার একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে তিনি তার ভগ্নিপতির সঙ্গে ধরঞ্জী বাজারে ওষুধ কিনতে গেলে ফার্মেসির ভিড়ের সুযোগে কৌশলে সেখান থেকে সরে যান। পরে পরিবারের লোকজন তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করে নিখোঁজের ঘোষণা দেয়।

পরদিন সকালে একই গ্রামের জিয়াউল ইসলাম ধানক্ষেতের জমির উত্তর পাশে নিমগাছের ডালে আরাফাতের শার্ট দিয়ে গলায় পেঁচানো ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে লাশ শনাক্ত করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুলন্ত অবস্থায় তার শরীরে থাকা জ্যাকেট ও প্যান্টে মাটির দাগ ছিল।

স্থানীয় কয়েকজন জানান, আরাফাত মানসিক রোগে ভুগছিলেন। তাদের ধারণা, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বুঝা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”