পাঁচ দফা দাবিতে বাগেরহাটে জামায়াতের স্মারকলিপি


Rastrerkotha প্রকাশের সময় : ১২/১০/২০২৫, ১০:০৫ অপরাহ্ণ /
পাঁচ দফা দাবিতে বাগেরহাটে জামায়াতের স্মারকলিপি
59

তাজমুল হোসেন, বাগেরহাট জেলা সংবাদদাতা:

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি পেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখা।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিমের নেতৃত্বে কয়েক হাজার নেতা-কর্মীর উপস্থিতিতে বাগেরহাট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে জামায়াতের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে প্রবেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা অঞ্চল টিমের সদস্য ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান, জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ, জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস, সহকারী সেক্রেটারি অধ্যাপক ইকবাল হোসাইন ও মিজানুর রহমান মল্লিক, মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, মাওলানা আলতাফ হোসাইন, শেখ মনজুরুল হক রাহাদ, মাওলানা আবুল কাশেম, ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোর্শেদ আলম ও সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আমীর মাওলানা ফেরদাউস আলী, ফকিরহাট উপজেলা আমীর মাওলানা এবিএম তৈয়বুর রহমান, কচুয়া উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, মংলা উপজেলা আমীর মাওলানা আবু হানিফ এবং বাগেরহাট পৌর আমীর মাওলানা শামীম আহসানসহ বিভিন্ন থানা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

জামায়াতের স্মারকলিপিতে বলা হয় জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরের জন্য সরকারের প্রধান উপদেষ্টার কাছে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।