পঞ্চগড়ে শ্রমিক দলের যৌথ কর্মীসভা


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/০১/২০২৬, ৯:৫৬ অপরাহ্ণ /
পঞ্চগড়ে শ্রমিক দলের যৌথ কর্মীসভা
47

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত আটটায় শহরের ধাক্কামারা এলাকায় মনোয়ারা কনভেনশন সেন্টারে এ কর্মীসভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির। সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সভাপতি রাজিউর রহমান রাজু।

অনুষ্ঠানে পঞ্চগড়ের ২৭টি ট্রেড ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় দুই হাজার শ্রমিক উপস্থিত ছিলেন। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, পেশাগত দাবি ও সংগঠনগত শক্তি বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদসহ বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা নির্বাচনের প্রেক্ষাপটে সংগঠনকে আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার নওশাদ জমির শ্রমিকদের সমস্যার সমাধানে দলের সহায়তার আশ্বাস দেন। তিনি পঞ্চগড় সুগার মিল পুনরায় চালুর প্রসঙ্গ তুলে বলেন, সরকারের আর্থিক পরিস্থিতিতে বিদেশি বিনিয়োগ ছাড়া মিলটি পুনরায় সচল করা কঠিন হলেও এ বিষয়ে উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।

তিনি শ্রমিকদের সন্তানদের চাকরির দাবির প্রসঙ্গে বলেন, দেশের জনসংখ্যা ও সরকারি চাকরির সীমাবদ্ধতার কারণে সবাইকে সরকারি খাতে কর্মসংস্থান দেওয়া সম্ভব নয়। দেশের অর্থনীতি টিকে আছে শ্রমজীবী মানুষের ব্যক্তিগত উদ্যোগ ও কঠোর পরিশ্রমে, এবং রিকশা, ভ্যান, রাজমিস্ত্রি, বাজারের ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে পাথর ও চা শ্রমিকদের অবদানে পঞ্চগড়ের অর্থনীতি শক্ত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।