পঞ্চগড়ে তরুণ যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন


Rastrerkotha প্রকাশের সময় : ০২/১০/২০২৫, ৬:১৬ অপরাহ্ণ /
পঞ্চগড়ে তরুণ যুব সংঘের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন

স্নিগ্ধা খন্দকার, পঞ্চগড় প্রতিনিধি:

“মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে অনুষ্ঠিত হলো মাদকবিরোধী র‍্যালি ও মানববন্ধন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে জেলা শহরের পঞ্চগড়-তেতুলিয়া মহাসড়কে ব্যারিস্টার কলেজ ইনস্টিটিউটের সামনে এ কর্মসূচির আয়োজন করে ধাক্কামাড়া তরুণ যুব সংঘ।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় মানববন্ধনের মধ্য দিয়ে। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুর রহমান মাসুস, সুপার, মাহবুবার রহমান দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিয়াকত হোসেন, মুহতামিম, নূরে মদীনা কেরাতুল কোরআন মাদ্রাসা; রোকনুজ্জামান, খতীব, দ্বারীমারী জামে মসজিদ; মানিকুল ইসলাম মানিক, সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলা বিএনপি; জমির আলী, সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড বিএনপি; আকিমুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, সদর উপজেলা যুবদল; এবং জয়নাল আবেদীন, প্রধান শিক্ষক, কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রমুখ। কর্মসূচির সভাপতিত্ব করেন তরুণ যুব সংঘের সভাপতি মনজুর আলম।

মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পঞ্চগড় সদর উপজেলার মিনি স্টেডিয়াম এলাকা ও পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক ব্যবসা চলছে। এ কারণে তরুণ প্রজন্ম ধ্বংসের পথে ধাবিত হচ্ছে।

বক্তারা আরও সতর্ক করে বলেন, অবিলম্বে এসব মাদক ব্যবসা বন্ধ না হলে ভবিষ্যতে সমাজ ভয়াবহ সংকটে পড়বে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে মাদকমুক্ত সমাজ গড়তে সকলের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান তারা।