নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/০৪/২০২৬, ৭:৪২ অপরাহ্ণ /
নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
72

আবুল কালাম, নেত্রকোনা সংবাদদাতাঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় হাওড়ে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার সুখারী ইউনিয়নের হাতিয়া গ্রামের সামনে মেষি হাওড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলতু মিয়া ওই গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে আলতু মিয়া গরুর জন্য ঘাস কাটতে হাওড়ে যান। কিছুক্ষণ পর হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের পর স্থানীয়রা হাওড়ে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়।

আটপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জুবায়দুল আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. শাহানুর রহমান জানান, নিহতের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে এবং তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে।