দেলদুয়ারে শীতার্থদের মাঝে অরি’র শীতবস্ত্র বিতরণ


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/১২/২০২৫, ৭:৪৬ অপরাহ্ণ /
দেলদুয়ারে শীতার্থদের মাঝে অরি’র শীতবস্ত্র বিতরণ
74

মনির হাসান, টাঙ্গাইল সংবাদদাতাঃ

টাঙ্গাইলের দেলদুয়ারে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা একশন ফর আন্ডার প্রিভিলেজড রিহ্যাবিলিটেশন ইনিশিয়েটিভ (অরি)। সংস্থাটির উদ্যোগে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) বিকেলে দেলদুয়ার উপজেলার সদর ইউনিয়নের বারপাখিয়া গ্রামের বারপাখিয়া (উত্তর) সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ কর্মসূচিতে চার শতাধিক নারী-পুরুষের মাঝে কম্বল, চাদরসহ বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অরি’র পরিচালক সাহেলা পারভীন। এ সময় তিনি বলেন, “মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এই উদ্যোগ। শীত মৌসুম এলেই গরিব ও অসহায় শীতার্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। প্রতি বছরই একাধিকবার এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়। শুধু টাঙ্গাইল নয়, দেশের বিভিন্ন জেলাতেও আমরা দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে থাকি।”

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।