দূর্গাপুরে নদীভাঙন রোধ ও সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন


Rastrerkotha প্রকাশের সময় : ০৩/০৮/২০২৫, ৬:৩৪ অপরাহ্ণ /
দূর্গাপুরে নদীভাঙন রোধ ও সড়ক নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
16

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া থেকে ঢেউটুকোন বাজার পর্যন্ত ৮ কিলোমিটার দীর্ঘ বেড়ীবাঁধ ও পাকা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (৩ আগস্ট) দুপুরে ঢেউটুকোন বাজারে আয়োজিত মানববন্ধনে অংশ নেন চকপাড়া, ঢেউটুকোন, কৈলাটী, নয়াপাড়া ও গন্ডা বেড় গ্রামের শত শত মানুষ।
মানববন্ধনে বক্তৃতা করেন মোঃ মুস্তাক আহমেদ, আলমগীর হোসাইন, পল্লী চিকিৎসক মোঃ শফিকুল ইসলাম, শিক্ষার্থী তোরা রানী ও পুষ্প রানী বর্মন, মোঃ কাউসার, মোঃ শহীদ মিয়া ও আবু শহীদ প্রমুখ।

বক্তারা বলেন, কংশ নদীর ধারাবাহিক ভাঙনে তীরবর্তী রাস্তা বসবাস ও চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। এতে পাঁচটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। বর্ষাকালে শিক্ষার্থীরা স্কুল-মাদরাসায় যেতে পারছে না, গর্ভবতী নারী বা অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়েছে। এছাড়া কৃষিপণ্য বাজারজাত করতে না পারায় কৃষকরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

তাঁরা বলেন, দীর্ঘদিনের অবহেলার শিকার এই জনপদের উন্নয়নের স্বার্থে দ্রুত বেড়ীবাঁধ নির্মাণ ও পাকা সড়ক বাস্তবায়ন জরুরি।
অবিলম্বে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ কামনা করে পাঁচ গ্রামের জনগণ নদীতীর সংরক্ষণ ও চলাচলের জন্য একটি টেকসই সড়ক নির্মাণের জোর দাবি জানান।