দলীয় মনোনয়ন নিয়ে সহিংসতায় জড়িত চার নেতা বহিষ্কার করল বিএনপি


Rastrerkotha প্রকাশের সময় : ০৪/১১/২০২৫, ৩:১১ অপরাহ্ণ /
দলীয় মনোনয়ন নিয়ে সহিংসতায় জড়িত চার নেতা বহিষ্কার করল বিএনপি
48

স্টাফ রিপোর্টার:

দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, রাস্তা অবরোধ ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

সোমবার (৩ নভেম্বর) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর, সীতাকুণ্ড পৌরসভার আহ্বায়ক মামুন, এবং যুবদলের সোনাইছড়ী ইউনিয়নের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু।

বিএনপির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যার পর চট্টগ্রাম উত্তর জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদমরসুল, ভাটিয়ারী বাজার ও জলিল গেট এলাকায় দলীয় মনোনয়নকে কেন্দ্র করে সহিংসতা, হানাহানি ও রাস্তা অবরোধসহ বিভিন্ন জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে তারা জড়িত ছিলেন।

এই কর্মকাণ্ডের দায়ে তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিএনপি সূত্রে জানা গেছে, সম্প্রতি দলীয় মনোনয়ন বণ্টনকে ঘিরে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় তৃণমূল পর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ডে সোমবার সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে, যা কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসে।