তিস্তা রক্ষায় একযোগে মশাল প্রজ্জ্বলন: রংপুরসহ পাঁচ জেলায় আন্দোলন


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/১০/২০২৫, ১:১৮ অপরাহ্ণ /
তিস্তা রক্ষায় একযোগে মশাল প্রজ্জ্বলন: রংপুরসহ পাঁচ জেলায় আন্দোলন
49

নিজস্ব সংবাদদাতা:

তিস্তা নদী রক্ষায় দীর্ঘদিন ধরে আন্দোলন করেও এখনো আশানুরূপ ফল পাননি তিস্তা পাড়ের অবহেলিত মানুষরা। সেই দাবি জানান দিতেই বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় রংপুর বিভাগের ১০৫ কিলোমিটারজুড়ে একযোগে অনুষ্ঠিত হয় মশাল প্রজ্জ্বলন কর্মসূচি।

“জাগো বাহে তিস্তা বাঁচাই” আন্দোলনের অংশ হিসেবে রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী ও কুড়িগ্রাম জেলার তিস্তা নদীর ১১টি পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। আন্দোলনের প্রধান সমন্বয়কারী, সাবেক উপমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন।

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মহিপুর পয়েন্টে আয়োজিত প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি রংপুর মহানগর সভাপতি সামসুজ্জামান সামু। তিনি বলেন, “আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়েই তিস্তা মহাপরিকল্পনার কাজের উদ্বোধন দেখতে চাই। টালবাহানা আর চলবে না। তিস্তা প্রকল্প বাস্তবায়ন করা হলে দু’পারের ঘিরে ব্যাপক উন্নয়ন হবে। তিস্তা বাংলাদেশেরই অংশ একে বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি দ্রুত তিস্তা প্রকল্পের কাজ শুরু না হয়, তবে এর জবাব জনগণই দেবে।”

এ সময় উপস্থিত ছিলেন, গঙ্গাচড়া উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, জেলা বিএনপির সদস্য ওয়াহেদুজ্জামান মাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান মোকাররম হোসেন সুজন, জেলা বিএনপির সদস্য আখেরুজ্জামান মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লুলু, জেলা যুবদলের আহ্বায়ক নাজমুল ইসলাম নাজু, জেলা ছাত্রদলের আহ্বায়ক শরীফ নেওয়াজ জোহাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী।

মশালের আলোয় আলোকিত হয়ে ওঠে অন্ধকারাচ্ছন্ন তিস্তা পাড়। তিস্তা নদীর দুই তীরজুড়ে “জাগো বাহে তিস্তা বাঁচাই” স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষার্থী, কৃষক, শ্রমিক সবাই একসঙ্গে তিস্তা বাঁচানোর দাবিতে সোচ্চার হয়ে ওঠেন।