তারেক জিয়ার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/০২/২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ /
তারেক জিয়ার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে: মির্জা ফখরুল
72

বদরুদ্দোজা প্রধান, পঞ্চগড় সংবাদদাতাঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পঞ্চগড়-২ আসনে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তারেক রহমানের নেতৃত্বের বিকল্প নেই। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয় এটি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও রাজনৈতিক সিদ্ধান্তের নির্বাচন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে দেবীগঞ্জ উপজেলার দেবদারুতলা এলাকায় দেবীগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে এ জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তিনি জনগণকে স্বাধীনতার চেতনায় বিশ্বাস না করা শক্তির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বিএনপির মহাসচিব বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে একগুচ্ছ জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে রয়েছে পরিবারভিত্তিক ফ্যামিলি কার্ড চালু, কৃষকদের জন্য কৃষি কার্ড প্রদান, ঋণগ্রস্ত কৃষকদের সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ এবং এক কোটি শিক্ষিত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের উদ্যোগ।

সমাবেশে তিনি বিএনপি মনোনীত প্রার্থী ফরহাদ হোসেন আজাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দিয়ে তাকে বিজয়ী করতে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের রায়ে নির্বাচিত হয়ে একটি সৃজনশীল সরকার গঠন ও শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য।

সভাপতির বক্তব্যে দেবীগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট গোলাম হাফিজ বলেন, ফরহাদ হোসেন আজাদ দিনরাত মাঠে থেকে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন। বিশেষ অতিথির বক্তব্যে প্রার্থী ফরহাদ হোসেন আজাদ বলেন, জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

জনসভায় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন (তোবারক হ্যাপী), সাংগঠনিক সম্পাদক ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশীদ, ডা. নজরুল ইসলাম, দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিনসহ জেলা ও উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সমাবেশে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।