ডাকসুর এজিএস নির্বাচিত হওয়ায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধিত মহিউদ্দীন খান


Rastrerkotha প্রকাশের সময় : ০৭/১০/২০২৫, ১১:৫৬ অপরাহ্ণ /
ডাকসুর এজিএস নির্বাচিত হওয়ায় নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সংবর্ধিত মহিউদ্দীন খান
61

জয়পুরহাট সংবাদদাতা:

দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়লাভ করেছেন জয়পুরহাটের কৃতি সন্তান ও হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন ছাত্র মহিউদ্দীন খান।

তার এই গৌরবোজ্জ্বল অর্জনকে স্মরণীয় করে রাখতে মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে এক সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।

মাদ্রাসার হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিম, এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুফতি সাইদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের সহকারী জেলা প্রশাসক আব্দুর রউফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমীর ফজলুর রহমান সাইদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া, এবং জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, মহিউদ্দীন খানের এই সাফল্য কেবল তার ব্যক্তিগত অর্জন নয়, এটি জয়পুরহাট ও হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার গৌরবও বটে। তরুণ নেতৃত্ব হিসেবে তিনি দেশের ভবিষ্যৎ রাজনীতিকে সৎ, ন্যায়নিষ্ঠ ও আদর্শভিত্তিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, তরুণ প্রজন্মকে সুশিক্ষা, নৈতিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে, তবেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।

পরিশেষে মাদ্রাসার পক্ষ থেকে নবনির্বাচিত এজিএস মহিউদ্দীন খানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।