
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:
শেরপুরের ঝিনাইগাতীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নলকুড়া ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল মতিনের বিরুদ্ধে আনা মানহানিকর অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে স্থানীয় ভারুয়া বাজারে এ সংবাদ সম্মেলন করেন তিনি।
লিখিত বক্তব্যে যুবদল নেতা আব্দুল মতিন বলেন, মৃত গাতাইন মারাকের মেয়ে নমুনা সাংমা ও যমুনা সাংমার কাছ থেকে বাঐবাধা মৌজার ৮৬ নং খতিয়ানভুক্ত বিআরএস রেকর্ডমূলে ৪৭১ দাগের ৮০ কাতে ১৫ শতাংশ জমি তিনি মোট ৫ লক্ষ ৫০ হাজার টাকায় ক্রয় করেন। এর মধ্যে ৫ লক্ষ টাকা যমুনা সাংমাকে পরিশোধ করা হয় এবং লেনদেনের দলিল স্ট্যাম্পে লিখিতভাবে রয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, জমির টাকা আত্মসাতের নাটক সাজিয়ে গত ২৮ সেপ্টেম্বর নমুনা সাংমা ও যমুনা সাংমা সংবাদ সম্মেলন করে তার বিরুদ্ধে ভিত্তিহীন বক্তব্য দেন। তারা দাবি করেন, গত ১৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তিনি ও তার সহযোগীরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের বাড়িতে গিয়ে জোরপূর্বক স্ট্যাম্পে স্বাক্ষর নেন। কিন্তু মতিন এ অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন।
আব্দুল মতিন আরও বলেন, এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তার সামাজিক মর্যাদা ও মান-সম্মান ক্ষুণ্ন করেছে। তিনি এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা জাতির বিবেক। কলমের শক্তি দ্বারা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই আমার বিরুদ্ধে আনা মিথ্যা অভিযোগের সত্যতা জাতির সামনে আপনাদের লিখনীর মাধ্যমে তুলে ধরার জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :