ঝিনাইগাতীতে পৈতৃক জমি জবরদখলের চেষ্টার অভিযোগে মামলা


Rastrerkotha প্রকাশের সময় : ১৬/০৮/২০২৫, ৩:১৪ অপরাহ্ণ /
ঝিনাইগাতীতে পৈতৃক জমি জবরদখলের চেষ্টার অভিযোগে মামলা
9

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর সংবাদদাতা:

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের মালিঝিকান্দা গ্রামে পৈতৃক সম্পত্তি জবরদখলের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ফরহাদ হোসেন নামে একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে গত ৯ আগস্ট বিকেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, বড় মালিঝিকান্দা মৌজার সাবেক খতিয়ান নং-৬৩৬, সাবেক দাগ নং-৯০৯ ও ৯১১ সহ আরওআর ও বিআরএস রেকর্ডভুক্ত প্রায় ৩৭ শতক জমি দীর্ঘ ৫০ বছর ধরে ভোগদখল করে আসছেন ফরহাদ হোসেন। কিন্তু প্রতিপক্ষ মমতাজ বেগম, বিলকিছ বেগম, তাজমিনা আক্তার, তানিয়া আক্তার ও আবুল হোসেনসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে জমিতে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে এবং ক্ষেতের ফসল নষ্ট করে দখলের চেষ্টা চালায়। বাধা দিলে ফরহাদ হোসেনকে মারধর করে আহত করা হয়।

এজাহারে উল্লেখ করা হয়েছে, আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সরকারি নির্দেশ অমান্য করে হামলা চালিয়েছে এবং জমি স্থায়ীভাবে দখলের চেষ্টা করছে।

বাদী ফরহাদ হোসেন বলেন, “ওই জমির আরওআর ও বিআরএস রেকর্ড আমার দাদার নামে। আমার বাবা ভোগদখল করেছেন, বর্তমানে আমি করছি। কিন্তু প্রতিপক্ষ ১৯৭৮ সালের একটি বেনামি দলিল দেখিয়ে জবরদখলের চেষ্টা করছে।”

এ বিষয়ে বিবাদী পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত কর্মকর্তা এসআই রবিউল ইসলাম বলেন, “বিবাদীদের দাবি সঠিক নয়। তর্কিত জমির মালিক হতে হলে আদালতের মাধ্যমে রেকর্ড পরিবর্তন করতে হবে।”

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে স্থানীয়রা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।