জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত


Rastrerkotha প্রকাশের সময় : ০৯/০১/২০২৬, ৯:৪৫ অপরাহ্ণ /
জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত
27

নিজস্ব সংবাদদাতা, ঢাকা:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা এটিএম মা’ছুম। কমিটির সদস্যসচিব মাওলানা আবদুল হালিম বৈঠকটি পরিচালনা করেন। এতে কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কমিটির সদস্য মাওলানা আ ফ ম আবদুস সাত্তারের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে বৈঠকের কার্যক্রম শুরু হয়। পরে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সভাপতি মাওলানা এটিএম মা’ছুম।

বৈঠকে নির্বাচন পরিচালনার কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে একাধিক সাব-কমিটি গঠন করা হয় এবং সংশ্লিষ্টদের মধ্যে দায়িত্ব বণ্টন করা হয়। পাশাপাশি কমিটির কার্যক্রমকে শক্তিশালী করতে আরও কয়েকজন নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বর্তমানে বিদ্যমান নেই। এ অবস্থায় অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা সম্ভব নয় বলে তারা মত প্রকাশ করেন।
বক্তারা আরও বলেন, দেশবাসী এখনো ওসমান হাদির হত্যার বিচার পায়নি। দেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই; বরং মানুষ হত্যার মতো ঘটনা অব্যাহত রয়েছে। অথচ অবৈধ অস্ত্র উদ্ধারে উল্লেখযোগ্য সাফল্য দেখা যাচ্ছে না।
বৈঠকে আরও অভিযোগ করা হয়, সাম্প্রতিক কিছু ঘটনায় প্রশাসনের একটি পক্ষপাতমূলক ভূমিকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। এই প্রবণতা অবিলম্বে বন্ধ করতে হবে বলে বক্তারা জোর দেন।

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চিহ্নিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কার্যকর ও নিরপেক্ষ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।