
এইচ এম আলাউদ্দিন, স্টাফ রিপোর্টার:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের ব্রজবালা গ্রামে জামাইয়ের দীর্ঘদিনের দুর্ব্যবহার ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন মরিয়ম খাতুন (৫০)। তিনি মৃত আনোয়ার হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানান, মরিয়ম খাতুনের মেয়ে কল্পনা খাতুন ও তার স্বামী আজিজুল বিয়ের পর থেকেই শাশুড়ির বাড়িতেই বসবাস করতেন। তবে এ সময় প্রায়ই পারিবারিক বিষয়ে তাদের সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। গত মঙ্গলবার তুচ্ছ একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে আজিজুল সিলভারের কলস নিক্ষেপ করে শাশুড়ির ঠোঁটে আঘাত করেন। এতে মরিয়ম খাতুন অপমানিত হয়ে মানসিকভাবে ভেঙে পড়েন।
কল্পনা খাতুন জানান, বুধবার গভীর রাতে মা ঘরের ভেতরে সাড়া দিচ্ছিলেন না। পরে দরজা খুলে দেখতে পান, মরিয়ম খাতুন কাঠের ধরনার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। তার চিৎকারে বোন ও স্বামী ছুটে এসে মাকে নিচে নামানোর চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ আসলাম আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন :