জাতীয় পার্টির মতো পোশা রাজনীতি করতে আসিনি: সারজিস আলম


Rastrerkotha প্রকাশের সময় : ২০/১০/২০২৫, ৫:০৯ অপরাহ্ণ /
জাতীয় পার্টির মতো পোশা রাজনীতি করতে আসিনি: সারজিস আলম
7

জয়পুরহাট সংবাদদাতা:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “আমরা জাতীয় পার্টির মতো পোশা রাজনীতি করতে আসিনি। জনগণের প্রতিনিধিত্ব করতে পারলে সংসদে যাব, নতুবা শক্তিশালী বিরোধী দল হিসেবে মাঠে থাকব।”

সোমবার দুপুরে জয়পুরহাট জেলা এনসিপির আয়োজনে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় তিনি বলেন, “নির্বাচন কমিশন যদি আমাদের ‘শাপলা প্রতীক’ দিতে না চায়, তবে কেন দিবে না তার আইনগত ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে আমরা আইনি ও রাজনৈতিকভাবে লড়াই করব।”

সারজিস আলম আরও বলেন, “আগামীর বাংলাদেশে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্ব করতে চাই। সরকারে থেকে ক্ষমতার রাজনীতি নয়, বরং জনগণের কণ্ঠস্বর হয়ে একটি শক্তিশালী বিরোধী দল গড়ে তুলতে চাই।”

জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, “যেই সনদে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়নি এবং যার আইনি ভিত্তি নেই, সেখানে আমরা স্বাক্ষর করিনি।”

আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে যারা গুম, খুন ও হত্যার সঙ্গে জড়িত তাদের বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং যারা বাংলাদেশের পক্ষে রাজনীতি করবে, কেবল তাদের সঙ্গেই আমরা জোটে যাওয়ার কথা ভাবব।”

জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত এ সভায় রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।