জলঢাকায় সাংবাদিকদের সাথে এমপি ওবায়দুল্লাহ সালাফীর মতবিনিময় ও ইফতার মাহফিল


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/০৩/২০২৬, ৮:১৭ অপরাহ্ণ /
জলঢাকায় সাংবাদিকদের সাথে এমপি ওবায়দুল্লাহ সালাফীর মতবিনিময় ও ইফতার মাহফিল
58

জাহিদুল ইসলাম (জাহিদ) স্টাফ রিপোর্টারঃ

নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী’র উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা জামায়াত কার্যালয় আল ফালাহ মিলনায়তনে এ আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি সালাফী বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। এলাকার উন্নয়ন, সমস্যা ও জনদুর্ভোগের বাস্তব চিত্র তাদের লেখনীর মাধ্যমে নীতিনির্ধারকদের কাছে পৌঁছে যায়। জলঢাকাকে একটি আদর্শ ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলতে স্থানীয় সাংবাদিকদের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

সভায় উপস্থিত সাংবাদিকরা উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন প্রকল্পের কাজের মান নিশ্চিত করা এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সমস্যা নিয়ে সংসদ সদস্যের সঙ্গে উন্মুক্ত আলোচনা করেন।

এ সময় সংসদ সদস্য বিষয়গুলো গুরুত্বের সঙ্গে শোনেন এবং চিহ্নিত সমস্যাগুলো দ্রুত সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মোয়াম্মার আল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের প্রচার বিভাগের সেক্রেটারি প্রভাষক সাদের হোসেন, জলঢাকা উপজেলা নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি কামারুজ্জামান, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাক রিংকু প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আলোচনা শেষে দেশ ও জাতির সুখ সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই ইফতারে অংশগ্রহণ করেন।