
জাহিদ হাসান স্টাফ রিপোর্টারঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফির পক্ষে জলঢাকা উপজেলায় এক বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাড়িপাল্লা প্রতীকের এই মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশা ও ধর্মীয় মতাদর্শের হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল চারটায় জামায়াতে ইসলামীর আল ফালাহ অফিস থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি বাসস্ট্যান্ড, ট্রাফিক মোড়, বেলতলা, থানা মোড়, ডাকবাংলো, উপজেলা চত্বর ও জিরোপয়েন্ট মোড় প্রদক্ষিণ করে পুনরায় জামায়াত অফিসে এসে শেষ হয়। দীর্ঘ এ পথজুড়ে দাড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে জলঢাকা পৌর শহরের প্রধান প্রধান সড়কসমূহ।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা দাড়িপাল্লা প্রতীক সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করেন। তারা ন্যায়বিচার, সুশাসন ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানান।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্যে মাওলানা ওবায়দুল্লাহ সালাফি বলেন, “জলঢাকার মানুষ আজ পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। দুর্নীতিমুক্ত সমাজ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে সমর্থন জানানোর আহ্বান জানাই।”
এ সময় জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, জলঢাকায় দাড়িপাল্লা প্রতীকের প্রতি গণসমর্থন দিন দিন বাড়ছে, যা আসন্ন নির্বাচনের ফলাফলে প্রতিফলিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নির্বাচনী মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের তৎপরতাও লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :