জকসু নির্বাচনে শিবিরসমর্থিত প্যানেলের ভিপি-জিএস-এজিএস জয়ী


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/০১/২০২৬, ১:৩২ পূর্বাহ্ণ /
জকসু নির্বাচনে শিবিরসমর্থিত প্যানেলের ভিপি-জিএস-এজিএস জয়ী
39

নিজস্ব সংবাদদাতাঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা ভাইস প্রেসিডেন্ট (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী হয়েছেন। এর মধ্য দিয়ে শীর্ষ তিন পদেই পরাজিত হয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

বুধবার রাত পৌনে ১২টার দিকে ৩৮টি কেন্দ্রের ভোট গণনা শেষে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।
ফলাফল অনুযায়ী, ভিপি পদে শিবিরসমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৫ হাজার ৫৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। অর্থাৎ রিয়াজুল ইসলাম ৮৭৬ ভোটে এগিয়ে থেকে নির্বাচিত হয়েছেন।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবিরের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৫ হাজার ৪৭০ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। ফলে আরিফ ৩ হাজার ২৬৭ ভোটের বড় ব্যবধানে জয় লাভ করেন।

সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ রানা পেয়েছেন ৫ হাজার ২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৯৪৪ ভোট। মাসুদ রানা ১ হাজার ৫৮ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে বিজয়ী হন।

এর আগে কয়েক দফা পেছানো ও স্থগিতের পর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল প্রত্যাশিত জকসু নির্বাচন। এ নির্বাচনে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে প্রায় ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নারী ভোটার ছিলেন ৮ হাজার ৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮ হাজার ১৭০ জন।

কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী ছিলেন ১৯০ জন। মোট ৩৯টি কেন্দ্রে স্থাপিত ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ছিল ৩৮টি কেন্দ্র এবং একটি আলাদা কেন্দ্র বরাদ্দ ছিল হল সংসদের জন্য।