গোবিন্দগঞ্জে বিকাশ ব্যবসায়ী ও জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/০৮/২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ /
গোবিন্দগঞ্জে বিকাশ ব্যবসায়ী ও জামায়াত নেতার গলাকাটা মরদেহ উদ্ধার
8

আশরাফুল ইসলাম, গাইবান্ধা:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম থেকে নজরুল ইসলাম নজির (৩২) নামে এক বিকাশ ব্যবসায়ী ও জামায়াতে ইসলামীর অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ওয়ার্ড সভাপতির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৭ আগস্ট) সকালে গ্রামের পাশের একটি ফাঁকা মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নজরুল ইসলাম উপজেলার নাকাই ইউনিয়নের শীতলগ্রাম কানিপাড়ার মৃত তোফাজ্জল হোসেনের ছেলে। তিনি স্থানীয়ভাবে বিকাশ ব্যবসা পরিচালনার পাশাপাশি জামায়াতে ইসলামীর শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের ওয়ার্ড সভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে নজরুল ইসলাম মান্নান মণ্ডলের জমির পাশে পৌঁছালে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধরে নিয়ে গিয়ে ফাঁকা মাঠে গলাকেটে হত্যা করে।

এলাকাবাসীর ধারণা, সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে কয়েকজন হ্যাকার আটক হয়। তাদের সন্দেহ ছিল নজরুল ইসলামের দোকানে বিকাশ ও নগদ লেনদেনের তথ্য ফাঁস হওয়ার কারণে তিনি হত্যার শিকার হয়ে থাকতে পারেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত চলছে।