গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বাস্থ্য কর্মকর্তা


Rastrerkotha প্রকাশের সময় : ২০/০১/২০২৬, ৬:০৭ অপরাহ্ণ /
গণভোটের দোহাই দিয়ে বদলির এক সপ্তাহ পরও কর্মস্থল ছাড়েননি স্বাস্থ্য কর্মকর্তা
305

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

সরকারি বদলির আদেশ অমান্য করে এখনো আগের কর্মস্থলেই বহাল রয়েছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল আহমেদ। স্বাস্থ্য অধিদপ্তরের জারি করা আদেশ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগ না দিয়ে তিনি গণভোট ও দায়িত্ব হস্তান্তর হয়নি-এমন অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করছেন বলে অভিযোগ উঠেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এ বি এম আবু হানিফ স্বাক্ষরিত গত ১২ জানুয়ারির আদেশে ডা. কামাল আহমেদকে পার্শ্ববর্তী উপজেলা রানীশংকৈল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। আদেশে ৫ কর্মদিবসের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ৬ষ্ঠ কর্মদিবসে স্বয়ংক্রিয়ভাবে অবমুক্ত হিসেবে গণ্য করার নির্দেশ ছিল।

তবে আদেশ জারির এক সপ্তাহ পার হলেও মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত তিনি নতুন কর্মস্থলে যোগ দেননি। বরং পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবস্থান করে নিয়মিত দাপ্তরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা সরকারি বিধি ও প্রশাসনিক শৃঙ্খলা ভঙ্গের শামিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে-সরকারি নির্দেশ অমান্য করেও একজন কর্মকর্তা কীভাবে আগের কর্মস্থলে বহাল থাকেন? বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আনা হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

এদিকে তার বিরুদ্ধে নিজ এলাকায় বেসরকারি ‘কেয়া ডায়াগনস্টিক সেন্টার’ পরিচালনা, সরকারি হাসপাতালে আসা রোগীদের সেখানে পাঠানো এবং সহকর্মীদের হয়রানির অভিযোগ রয়েছে। এছাড়া অনুমোদনহীন ক্লিনিকে অপারেশন কার্যক্রমে জড়িত থাকার অভিযোগও উঠেছে, যা নিয়ে চিকিৎসক মহল ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

অভিযোগ প্রসঙ্গে ডা. কামাল আহমেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার দেওয়া কিছু দায়িত্ব ও গণভোট সংশ্লিষ্ট কাজ চলমান থাকায় তিনি এখনো কর্মস্থলে অবস্থান করছেন। দায়িত্ব শেষ হলেই তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন বলে জানান।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. তাছবীর হোসেন বলেন, বর্তমানে কর্মকর্তারা গণভোট সংশ্লিষ্ট দায়িত্বে রয়েছেন। বদলির আদেশপত্রে এ ধরনের দায়িত্ব থাকলে যোগদানের ক্ষেত্রে সময় সমন্বয়ের সুযোগ রয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বদলির আদেশ বাস্তবায়নের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।