গঙ্গাচড়ায় একাধিক সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/০৪/২০২৬, ৭:৫৬ অপরাহ্ণ /
গঙ্গাচড়ায় একাধিক সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন
58

রংপুর সংবাদদাতাঃ

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় একাধিক সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকালে এসব প্রকল্পের উদ্বোধন করেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

এদিন আলমবিদিতর ইউনিয়নের কুটিরঘাট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সঙ্গে কচুয়া টেপারহাট সড়কের সুইচ গেট থেকে সয়রাবাড়ীহাট পর্যন্ত আরও একটি সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়।

এ ছাড়া বেতগাড়ী ইউনিয়নের সাতানী শেরপুর এলাকায় গফুরের মোড় থেকে পুটিমারী পর্যন্ত সড়ক পাকাকরণ কাজেরও উদ্বোধন করা হয়। প্রকল্পগুলো বাস্তবায়ন করবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), গঙ্গাচড়া।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. নায়েবুজ্জামান বলেন, এ অঞ্চলে উন্নয়ন হবে না এমন ধারণা অনেকের ছিল। আমরা কাজের মাধ্যমে সেই ধারণা বদলাতে চাই।

সংসদ সদস্য মো. রায়হান সিরাজী বলেন, গঙ্গাচড়ার প্রতিটি ইউনিয়নের উন্নয়ন আমাদের অগ্রাধিকার। যোগাযোগব্যবস্থা উন্নত হলে মানুষের জীবনযাত্রা সহজ হবে। দলমত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করা হবে।

স্থানীয়দের প্রত্যাশা, এসব প্রকল্প বাস্তবায়িত হলে গঙ্গাচড়ার যোগাযোগব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, মিডিয়া বিভাগের প্রধান আশরাফুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।