কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে ভারতের আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর


Rastrerkotha প্রকাশের সময় : ১৪/০৮/২০২৫, ৪:৪৩ অপরাহ্ণ /
কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে ভারতের আটক ৯ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
8

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরের মুজিবনগরে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতের অভ্যন্তরে আটক ৯ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (০৬ বিজিবি) এর অধীনস্থ মুজিবনগর কোম্পানি কমান্ডার সুবেদার মো. আবুল বাশারের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল এবং প্রতিপক্ষ ১৬১ বিএসএফ-এর অধীনস্থ হৃদয়পুর কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সজল কুমারের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মেইন পিলার ১০৫ থেকে প্রায় ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে স্বাধীনতা সড়ক এলাকায় বিএসএফের আহ্বানে এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কুশল বিনিময়ের পর বিএসএফ জানায়, বিভিন্ন সময়ে আটক হওয়া এবং বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে মুক্তি পাওয়া দুই নারী, দুই পুরুষ ও পাঁচ শিশুসহ মোট ৯ বাংলাদেশি নাগরিককে তারা নিয়ে এসেছে। জাতীয় পরিচয়পত্র ও ঠিকানা যাচাই-বাছাই শেষে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরকৃত ব্যক্তিরা হলেন: মো. আবু সাইদ (৪৫) বিউটি বেগম (৪০) মো. সম্রান (০৭) সিমলা আক্তার (১১) জামাল শেখ ওরফে বদির (৩৯) ডলি আক্তার (২৫) লামিয়া আক্তার (০৬) আলী আকবর (০৪) সাদিয়া (০১) তারা সবাই ফরিদপুর জেলার ভাঙ্গা ও নগরকান্দা উপজেলার বাসিন্দা।

পরে বিজিবি কর্তৃপক্ষ আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের মুজিবনগর থানায় হস্তান্তরের ব্যবস্থা গ্রহণ করে। পতাকা বৈঠকটি শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং উভয় পক্ষ ভবিষ্যতেও সুসম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করে।