ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকলেও পীরগঞ্জে অর্ধনমিত হয়নি জাতীয় পতাকা


Rastrerkotha প্রকাশের সময় : ২০/১২/২০২৫, ৬:৪৩ অপরাহ্ণ /
ওসমান হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণা থাকলেও পীরগঞ্জে অর্ধনমিত হয়নি জাতীয় পতাকা
66

মো. আসাদুজ্জামান, ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে ২০ ডিসেম্বর (শনিবার) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেওয়া হলেও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার অর্ধশতাধিক সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি।

এর আগে গত ১৮ ডিসেম্বর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু সরেজমিনে পীরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, রাষ্ট্রীয় শোক দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। যেসব প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখা হয়নি, সেগুলোর মধ্যে রয়েছে পীরগঞ্জ উপজেলা সমাজসেবা অফিস, আনসার ও ভিডিপি অফিস, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, উপজেলা কৃষি অফিস, আধুনিক ডাকবাংলো, উপজেলা মৎস্য অফিস, সমবায় অফিস, পরিসংখ্যান কার্যালয়, পল্লী সঞ্চয় ব্যাংক, সহকারী প্রকৌশলীর কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর, পীরগঞ্জ উপকর কমিশনের কার্যালয়, অগ্রণী ব্যাংক পিএলসি পীরগঞ্জ শাখা, ডাচ্‌ বাংলা ব্যাংকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

এছাড়াও ভেলাতৈর দরফগাজী দাখিল মাদ্রাসা, ভেলাতৈর শহীদ মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগঞ্জ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে রাষ্ট্রীয় শোক দিবসের নির্দেশনা মানা হয়নি।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছবীর হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,
“আমি সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়েছি। যারা রাষ্ট্রীয় শোক পালনের নির্দেশনা মানেনি, তাদের বিরুদ্ধে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে।”