আজহারীর নির্বাচনে অংশগ্রহণের খবর গুজব: নিশ্চিত করল জামায়াত


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১১/২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ /
আজহারীর নির্বাচনে অংশগ্রহণের খবর গুজব: নিশ্চিত করল জামায়াত
35

অনলাইন ডেস্ক:

জনপ্রিয় ইসলামী বক্তা ও স্কলার মিজানুর রহমান আজহারী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ (যাত্রাবাড়ী-ডেমরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তাঁর প্রার্থীতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য সম্পূর্ণ গুজব বলে নিশ্চিত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরের পর বিভিন্ন ফেসবুক পোস্ট, স্ট্যাটাস ও অনানুষ্ঠানিক প্রচারে দাবি করা হয় যে, মিজানুর রহমান আজহারী জামায়াতে ইসলামীর মনোনয়ন পেয়েছেন। মুহূর্তেই বিষয়টি অনলাইনে ব্যাপক আলোচনা সৃষ্টি করে এবং অনেকেই তাকে অভিনন্দন জানাতে শুরু করেন।

তবে বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানায় জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসান মাহবুব জুবায়ের স্পষ্টভাবে জানান, “জামায়াত থেকে মিজানুর রহমান আজহারীকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব। এমনটি হওয়ার কোনো সম্ভাবনাও নেই।”

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রার্থীতা নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে এবং যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য গ্রহণ না করার আহ্বান জানান।

এদিকে গুজব ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিভ্রান্ত হয়ে মিজানুর রহমান আজহারীকে অভিনন্দন জানাতে থাকেন। পরে সত্যতা প্রকাশ হলে বিষয়টি নিয়ে সমালোচনা ও আলোচনা বাড়তে থাকে।