আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূর আহত, তীব্র নিন্দা মিয়া গোলাম পরওয়ারের


Rastrerkotha প্রকাশের সময় : ৩০/০৮/২০২৫, ১:০৯ পূর্বাহ্ণ /
আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে নূর আহত, তীব্র নিন্দা মিয়া গোলাম পরওয়ারের
7

স্টাফ রিপোর্টার:

রাজধানীর বিজয়নগরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূরসহ অর্ধ শতাধিক নেতাকর্মী গুরুতরভাবে আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

২৯ আগস্ট এক বিবৃতিতে তিনি বলেন, “শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য নির্বিচারে লাঠিচার্জ করে নূরুল হক নূরসহ অসংখ্য নেতাকর্মীকে রক্তাক্ত ও গুরুতরভাবে আহত করেছে। এ মর্মান্তিক ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি। আহতদের প্রতি আমরা সমবেদনা জানাই এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করি।”

তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের পতনের পর এ ধরনের হামলা অত্যন্ত ন্যক্কারজনক, অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। জাতি যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে, তখন এই ধরনের ঘটনা আবারও ফ্যাসিবাদের স্মৃতি জাগিয়ে তুলছে। সহনশীল পরিবেশ বজায় রাখার জন্য আমরা সকল মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”

জামায়াতের সেক্রেটারি জেনারেল অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনানুগ দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।