অবৈধ বালু উত্তোলন: দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা পদ্মায় নিখোঁজ


Rastrerkotha প্রকাশের সময় : ১৭/১১/২০২৫, ৫:৪৯ অপরাহ্ণ /
অবৈধ বালু উত্তোলন: দুই গ্রুপের সংঘর্ষে শ্রমিকদল নেতা পদ্মায় নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীর সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকায় অবৈধ বালু উত্তোলনের টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আন্নু (৫০) নামের এক শ্রমিকদল নেতা নিখোঁজ হয়েছেন।

রবিবার দুপুরে কুষ্টিয়া–পাবনা সীমান্তের তালবাড়িয়া ঘাটসংলগ্ন পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নৌ–পুলিশের ছায়ায় তালবাড়িয়া ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন চলছে। উত্তোলন থেকে আদায় হওয়া টাকা ভাগ নিয়ে আলোচিত জাসদ নেতা ও সাবেক চেয়ারম্যান সাচ্চু হত্যা মামলার আসামি কাজল মজুমদার গ্রুপ এবং ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু ও সুলতান আলী বিশ্বাস টনি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

রবিবার সেই বিরোধ নতুন করে উত্তপ্ত হলে আন্নুর সঙ্গে পিন্টু–টনি গ্রুপের ধস্তাধস্তির একপর্যায়ে তাকে মারধর করে বাল্কহেডের ওপর থেকে নদীতে ফেলে দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

লক্ষিকুন্ডা নৌ–পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, “বাল্কহেডের ধাক্কায় আন্নু নদীতে পড়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। নিখোঁজ শ্রমিকদল নেতাকে উদ্ধারে পুলিশ ও স্থানীয়রা অনুসন্ধান চালাচ্ছে। পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”