জলঢাকায় চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে মারধর ও টাকা লুট


Rastrerkotha প্রকাশের সময় : ২৩/১০/২০২৫, ৮:৩৩ অপরাহ্ণ /
জলঢাকায় চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে মারধর ও টাকা লুট
56

স্টাফ রিপোর্টার:

নীলফামারীর জলঢাকায় চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এক মোবাইল ব্যবসায়ীকে প্রকাশ্যে মারধর ও দোকান থেকে নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ব্যবসায়ী গুরুতর জখম হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে জলঢাকা পৌর শহরের পেট্রোল পাম্প সংলগ্ন মা প্লাজায় এ ঘটনা টি ঘটে।

পৌরসভার ৫নং ওয়ার্ডের বগুলাগাড়ি বারোঘড়ি পাড়ার মৃত রশিদুল ইসলামের ছেলে আবু তালেব (৩৫) দীর্ঘদিন ধরে একই এলাকার বি.কে মোবাইল কর্নারের মালিক কামরুজ্জামান (২৮) এর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। ২০ হাজার টাকা দাবি করার সময় ব্যবসায়ী মাত্র ৫ হাজার টাকা দিতে রাজি হন। বাকি টাকা দিতে অস্বীকার করলে আবু তালেব দোকানে ঢুকে ব্যবসায়ীকে এলোপাতাড়ি মারধর করে ও বাম পাশের চোখে মারাত্মকভাবে আঘাত করে এবং নগদ টাকা নিয়ে পালিয়ে যান।

পার্শ্ববর্তী ব্যবসায়ী কাবিল শাহ বলেন, “দুপুরে আবু তালেব দোকানে এসে ২০ হাজার টাকা দাবি করে। কামরুজ্জামান রাজি না হলে সে দোকানে ঢুকে তাকে মারধর করে ও টাকা নিয়ে পালায়।”

প্রত্যক্ষদর্শী আসিফ ইসলাম জানান, “আবু তালেব নিজেকে যুবলীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি সাদ্দাম হোসেন পাভেলের সহযোগী পরিচয় দিয়ে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। বর্তমানে সে আবারও বেপরোয়া হয়ে উঠেছে।”

অভিযুক্ত আবু তালেবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”