
মেহেরপুর সংবাদদাতা:
মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ইসলামী সমাজকল্যাণ পরিষদের আয়োজনে এবং লাইফ কেয়ার হাসপাতালের সার্বিক সহযোগিতায় এই চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমির ও মেহেরপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, মেহেরপুর সদর উপজেলা আমির মাওলানা সোহেল রানা, এবং সাবেক ছাত্রনেতা জনাব সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোভীপুর গ্রামের কৃতিসন্তান মো. আবু সালেহ। ক্যাম্পে ঢাকা থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকসহ স্থানীয় ডাক্তারবৃন্দ অংশ নেন। সকাল থেকেই শত শত রোগী সেখানে চিকিৎসা নিতে আসেন।
আয়োজকরা জানান, চিকিৎসা ও ওষুধ উভয়ই বিনামূল্যে দেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। ইসলামী সমাজকল্যাণ পরিষদের সভাপতি বলেন, “ভবিষ্যতে গরিব ও অসহায় মানুষের জন্য আরও ব্যাপক স্বাস্থ্যসেবার আয়োজন করা হবে, ইনশাআল্লাহ।”
প্রধান অতিথি মাওলানা তাজউদ্দীন খান চিকিৎসা কার্যক্রমের উদ্বোধন করেন এবং ডাক্তারদের প্রতিটি ডেস্ক পরিদর্শন করেন।
আপনার মতামত লিখুন :