দুর্নীতি না থাকলে দেশ সিঙ্গাপুর হতো: নূরুল ইসলাম সাদ্দাম


Rastrerkotha প্রকাশের সময় : ১৯/১০/২০২৫, ৫:৪১ অপরাহ্ণ /
দুর্নীতি না থাকলে দেশ সিঙ্গাপুর হতো: নূরুল ইসলাম সাদ্দাম

নিজস্ব সংবাদদাতা:

দুর্নীতি না থাকলে আজ বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যেত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

রবিবার (১৯ অক্টোবর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘অদম্য মেধাবী সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “রাজনীতিবিদরা আজ বেকারদের নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে। দেশে কোটি কোটি টাকা দুর্নীতি হচ্ছে, অথচ মানবসম্পদ উন্নয়নে কোনো বাস্তব উদ্যোগ নেই। যদি এই দুর্নীতি না থাকত, বাংলাদেশ আজ সিঙ্গাপুরের মতো উন্নত দেশ হয়ে উঠত।”

তিনি আরও বলেন, “শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। কিন্তু আজ শিক্ষকরা বঞ্চিত, গবেষণা স্থবির, আর নৈতিকতার সংকট ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ব্যাংক ডাকাতি করতে এখন বন্দুক লাগে না—যারা ব্যাংক খোলে, তারাই টাকা আত্মসাৎ করে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. বেলাল হোসাইন এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজির সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. তৌহিদ হোসাইন।

অধ্যাপক তৌহিদ হোসাইন বলেন, “আমাদের সমাজে এখনও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে ইতিবাচক মনোভাব তৈরি হয়নি। অথচ আল্লাহর কাছে তাদের মর্যাদা অন্যদের চেয়ে বেশি। সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে প্রকৃত অন্তর্ভুক্তিমূলক শিক্ষা সম্ভব নয়।”

‘অদম্য মেধাবী সংবর্ধনা’ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে ফিজিক্যালি চ্যালেঞ্জড ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা স্মারক প্রদান করা হয়।