পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু : মা ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ


Rastrerkotha প্রকাশের সময় : ১৮/১০/২০২৫, ৫:৩৫ অপরাহ্ণ /
পলাশবাড়ীতে ভুল চিকিৎসায় প্রসূতি ও নবজাতকের মৃত্যু : মা ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ
42

আশরাফুল ইসলাম, গাইবান্ধা সংবাদদাতা:

গাইবান্ধার পলাশবাড়ীতে আবারও “মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে” ভুল চিকিৎসার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পারভীন আক্তার পারুল বেগম (২৫) নামে এক প্রসূতি ও তার নবজাতকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সকালে এ ঘটনাকে কেন্দ্র করে ক্ষুব্ধ স্বজন ও স্থানীয়রা ক্লিনিকে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা চালায়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পৃথক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় প্রসূতি পারুল বেগমকে সিজারের জন্য মা ক্লিনিকে ভর্তি করা হয়। রাত ১১টার দিকে সিজার শুরু করে ক্লিনিক কর্তৃপক্ষ। তবে রাত ৪টার দিকে পারুলের মৃত্যু হয় বলে জানা যায়।
পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষ মৃতদেহ রংপুরে রেফার করার চেষ্টা করলে স্বজনেরা বিষয়টি বুঝে ক্ষিপ্ত হয়ে ক্লিনিকে হামলা চালায়।

নিহত পারুল বেগম পলাশবাড়ী পৌরসভার জামালপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে এবং মহদীপুর ইউনিয়নের বিশ্রামগাছী গ্রামের শামিম মিয়ার স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন।

স্বজনদের অভিযোগ, এর আগে পারুলের দুটি সন্তান সিজারের মাধ্যমে জন্ম নিয়েছিল। এবারও একই প্রক্রিয়ায় সন্তান জন্ম দিতে গিয়ে ভুল চিকিৎসায় মা-শিশু উভয়ের মৃত্যু হয়।
তারা অভিযোগ করেন, ক্লিনিকের মালিক ও নার্স ফাতেমা বেগমের গাফিলতিই এ মৃত্যুর কারণ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্লিনিকটি বন্ধের দাবি জানান তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ী এলাকায় সরকারি কবরস্থানের সামনে অবস্থিত ভবনটিতে “মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম” পরিচালনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স ফাতেমা বেগম।
প্রতিনিয়ত এখানকার অব্যবস্থাপনা, ভুল চিকিৎসা ও নবজাতক মৃত্যুর ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। এতে এলাকাজুড়ে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।