৩৫ বছর পর রাকসু নির্বাচন: কোন হলের ভোট কোন কেন্দ্রে


Rastrerkotha প্রকাশের সময় : ১৫/১০/২০২৫, ৮:৫৫ অপরাহ্ণ /
৩৫ বছর পর রাকসু নির্বাচন: কোন হলের ভোট কোন কেন্দ্রে

রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা:

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু),হল সংসদ ও সিনেটে প্রার্থী নির্বাচন। গতকাল রাত ১২টার পর থেকে সব ধরনের প্রচারের সময় শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ভোটগ্রহণ।

ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ৯টি একাডেমিক ভবনের ১৭টি কেন্দ্রের ৯৯০ বুথে অনুষ্ঠিত হবে এবারের নির্বাচনের ভোটগ্রহণ । ঐদিনই ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা শুরু হবে। এরপর ভোট গণনা শেষে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।

রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনে ৩ টি ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে বেগম খালেদা জিয়া হল, তাপসী রাবেয়া হল ও রহমতুন্নেছা হলের ভোটগ্রহণ চলবে। রবীন্দ্র ভবনের দক্ষিণ পশ্চিম পার্শে রহমতুন্নেছা হল কেন্দ্রে ছাত্রদল মনোনীত এজিএস পদপ্রার্থী জাহিন বিশ্বাস এষা ভোট দিবেন।

এদিকে শহীদ জিয়াউর রহমান হলে বাংলা বিভাগে নিচতলায় গ্যালারিতে ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এই ভোটকেন্দ্রে ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস পদপ্রার্থী ফাহিম রেজা ও আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী মেহেদী সজীব ভোট দিবেন।

ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে ভোট দেবেন দুইটি হলের ভোটাররা। ভবনের উত্তর গেট দিয়ে প্রবেশ করে ১২৮ নম্বর কক্ষে জুলাই-৩৬ হল এবং দক্ষিণ-পূর্ব গেট ব্যবহার করে ১২৫ নম্বর কক্ষে রোকেয়া হল। এখানে ভিপি প্রার্থী তাসিন খান ভোট দিবেন।

বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব হল রুমে সৈয়দ আমীর আলী হল এবং পশ্চিম হল রুমে শাহ মখদুম হলের ভোট গ্রহণ চলবে। এই ভবনে ছাত্রশিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ ভোট দিবেন।

জগদীশ চন্দ্র একাডেমিক ভবনে শেষ সময়ে ভোটকেন্দ্র প্রস্তুত হয়েছে। এখানে টিচার্স লাউঞ্জে মাদার বখশ হল এবং ১০৫ নম্বর কক্ষে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ভোটগ্রহণ চলবে। টিচার্স লাউঞ্জে সাবেক সমন্বয়ক ও আধিপত্যবিরোধী ঐক্য প্যানেলের জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার ভোট দিবেন।

এসময় ভোটকেন্দ্র প্রস্তুতকারী এক নির্মানশ্রমিকের সাথে কথা বলে জানা যায়, ১৩ অক্টোবর থেকে তারা ভোটকেন্দ্র প্রস্তুতের কাজ শুরু করেছে এখনো কিছু কাজ বাকি আছে তবে সন্ধ্যার মধ্যে তা সম্পন্ন হবে।

ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, বিশ্ববিদ্যালয় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা স্বাভাবিক চলাচল করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরাতাও দেখা গেছে। প্রতিটি ফটকে চলছে চেকিং।