ম্যানেজিং কমিটিতে আ.লীগ নেত্রীকে মনোনয়ন: সুপারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ


Rastrerkotha প্রকাশের সময় : ১১/১০/২০২৫, ১০:২৭ অপরাহ্ণ /
ম্যানেজিং কমিটিতে আ.লীগ নেত্রীকে মনোনয়ন: সুপারের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

নীলফামারী সংবাদদাতা:

নীলফামারীর খালিশা খুটামারা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠান প্রধান (সুপার) আব্দুর রশিদের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়, তিনি ম্যানেজিং কমিটিতে খুটামারা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী শাহিনা ইয়াসমিনকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন, যা নিয়ে শিক্ষক মহলে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।

প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক লতা বেগম বলেন, “২২ অক্টোবর ম্যানেজিং কমিটি গঠনের প্রক্রিয়ায় সুপার স্বেচ্ছাচারিতার পরিচয় দিয়েছেন। এর আগেও এডহক কমিটিতে শাহিনা ইয়াসমিনের নাম রাখা হয়েছিল। আমরা ইউএনও স্যার বরাবর আবেদন করলে সেই নাম বাদ দেওয়া হয়। অথচ এবার নিয়মিত কমিটিতেও আবার তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।”

 

তিনি আরও অভিযোগ করেন, “এটি প্রতিষ্ঠান পরিচালনায় রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি চক্রান্ত হতে পারে। সুপার তার একক সিদ্ধান্তে কমিটিকে প্রভাবিত করার চেষ্টা করছেন।”

 

এ বিষয়ে জানতে শাহিনা ইয়াসমিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে প্রতিষ্ঠানে পাওয়া যায়নি। একই বিষয়ে সুপার আব্দুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

স্থানীয় সূত্র জানায়, মাদ্রাসাটিতে অভ্যন্তরীণ রাজনীতি ও দলীয় প্রভাব দীর্ঘদিন ধরেই সক্রিয়। ম্যানেজিং কমিটি গঠনের ক্ষেত্রেও সেই প্রভাবই মুখ্য ভূমিকা রাখছে বলে অনেকেই মনে করেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বলেন,  “প্রতিষ্ঠান পরিচালনা কমিটি গঠন একটি নির্দিষ্ট নীতিমালার আওতায় হয়। কেউ যদি নিয়ম বহির্ভূতভাবে কাউকে মনোনয়ন দেন, তাহলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় অভিভাবক ও শিক্ষানুরাগীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় ম্যানেজিং কমিটি গঠনের দাবি জানিয়েছেন।