পাঠ্যবই মুদ্রণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে অনিয়মে দুদকের অভিযান


Rastrerkotha প্রকাশের সময় : ০৮/১০/২০২৫, ৪:৪৬ পূর্বাহ্ণ /
পাঠ্যবই মুদ্রণ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা খাতে অনিয়মে দুদকের অভিযান
8

নিজস্ব সংবাদদাতাঃ

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে (এনসিটিবি) নিম্নমানের কাগজে পাঠ্যবই মুদ্রণ করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এনসিটিবি কার্যালয়ে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর পরিদর্শন করে এবং এনসিটিবি থেকে প্রাসঙ্গিক রেকর্ডপত্র সংগ্রহ করে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ২০২৫ শিক্ষাবর্ষের জন্য প্রাথমিক ও মাধ্যমিক স্তরের বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে ব্যাপক অনিয়ম হয়েছে। এর মধ্যে নিম্নমানের কাগজ ব্যবহার, মুদ্রণ ত্রুটি, বাঁধাইয়ের ঘাটতি এবং কিছু মুদ্রণ প্রেস মালিকদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে।

অন্যদিকে, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও নানা অনিয়মের অভিযোগে অভিযান চালায় দুদকের ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়। সেখানে গিয়ে দেখা যায়, ২০টি চিকিৎসক পদের বিপরীতে মাত্র ৪ জন কর্মরত আছেন। এ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ ও গাইনী কনসালটেন্ট না থাকায় সিজার কার্যক্রম বন্ধ রয়েছে। জেনারেটর নষ্ট এবং হাসপাতাল প্রাঙ্গণে পরিচ্ছন্নতার ঘাটতিও ধরা পড়ে।

এছাড়া, ফরিদপুর জেলার সালথা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসেও অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুদকের স্থানীয় টিম। অভিযোগে বলা হয়, বিদ্যালয় সংস্কার ও অন্যান্য খাতে বরাদ্দকৃত অর্থ আত্মসাত করা হয়েছে। অভিযানে জানা যায়, পূর্বতন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান অবসরে যাওয়ার আগে সংস্কার কার্যক্রমের কোনো রেকর্ডপত্র অফিসে জমা দেননি। বরং তিনি প্রায়ই রেকর্ডপত্র নিজের বাসায় নিয়ে গিয়ে কার্যক্রম পরিচালনা করতেন, যা অনিয়ম ও দুর্নীতির ইঙ্গিত বহন করে।

দুদক জানিয়েছে, তিনটি অভিযানে সংগৃহীত তথ্যাবলি পর্যালোচনা শেষে কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।