ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান জামায়াত প্রার্থীর


Rastrerkotha প্রকাশের সময় : ০৫/১০/২০২৫, ১০:১৪ অপরাহ্ণ /
ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যের আহ্বান জামায়াত প্রার্থীর
58

জয়পুরহাট সংবাদদাতা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট শহর শাখার উদ্যোগে রবিবার (৫ অক্টোবর) শহরের নিউ মার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বর্ণাঢ্য নির্বাচনী প্রচারণা।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী ও সাধারণ ভোটাররা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, সদর শাখার নায়েবে আমির ও আমদই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা শাহ আলম দেওয়ান, শহর শাখার আমির মাওলানা সাইদুর রহমান, সেক্রেটারি মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজা প্রমুখ।

বক্তারা বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে জনগণ পরিবর্তনের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হচ্ছে। সুষ্ঠু নির্বাচন ও ভোটাধিকার প্রতিষ্ঠাই গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম পদক্ষেপ।”

তারা আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়নিষ্ঠ নেতৃত্ব গঠনের মাধ্যমে একটি আদর্শভিত্তিক সমাজ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রচারণা কর্মসূচির অংশ হিসেবে নিউ মার্কেট এলাকায় লিফলেট বিতরণ, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সাধারণ মানুষ অংশ নিয়ে আগ্রহ ও উৎসাহ প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ অংশগ্রহণ ও জনগণের ভোটাধিকার রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান।